আল-আদিলিয়াহ মসজিদ, সিরিয়া
আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘সিরিয়ার ঐতিহাসিক মসজিদ আল-আদিলিয়াহ মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
আল-আদিলিয়াহ মসজিদ সিরিয়ার প্রাচীন আলেপ্পো শহরে অবস্থিত অটোমান আমলের একটি ঐতিহাসিক মসজিদ।
আলেপ্পো শহরের অন্যতম বিখ্যাত মসজিদ হচ্ছে আল-আদিলিয়াহ মসজিদ। এটি ১৫৫৫ খ্রিষ্টাব্দে অটোমান শাসক সুলতান সোলেমানের নির্দেশে নির্মিত হয়।
সুলতান সোলেমান (১৫২০-১৫৬৬), যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত, ন্যায়বিচারের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁর শাসনামলে সমতার ভিত্তিতে বিচার নিশ্চিত করেছিলেন এবং মুসলিম ও অমুসলিমদের জন্য নিরপেক্ষ বিচারব্যবস্থা বাস্তবায়ন করেছিলেন।
সুলতানের সেই ন্যায়পরায়ণতার স্মারক হিসেবে মসজিদটির নাম আল-আদিলিয়্যাহ বা ন্যায়ের প্রতীক রাখা হয়।
মসজিদটির স্থাপত্যে অটোমান শিল্পের বৈশিষ্ট্য দেখা যায়। এর বড় গম্বুজ ও দৃষ্টিনন্দন মিনার মনোমুগ্ধকর।
অভ্যন্তরের মার্বেল পাথরের কারুকাজ ও ক্যালিগ্রাফি মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আসাদবিরোধী যুদ্ধের সময় মসজিদটি ব্যাপক ক্ষতির শিকার হয়।
মসজিদের ছাদ ও মিনার ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর অভ্যন্তরের কারুকার্য নষ্ট হয়ে যায়। পুনর্গঠনের কাজ শুরু হলেও আগের সৌন্দর্য পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
